ব্রাহ্মণবাড়িয়ায় ৯৫৮ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৫৮ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আজ রবিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার নোয়াবাদী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াবাদী সীমান্ত এলাকায় বিজিবির একটি টহলদল অবস্থান নেয়। ভোরে ৮-৯ জন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় থাকা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া আটটি চটের বস্তায় তল্লাশি চালিয়ে ৯৫৮ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180164