পান মশলার বিজ্ঞাপন করে আইনি নোটিশ পেলেন শাহরুখ-অজয়-টাইগার
পর্দায় তারা নায়ক, বিজ্ঞাপনে জনপ্রিয় মুখ— কিন্তু সেই পরিচয়ই এবার তাদের টেনে এনেছে আইনি ঝামেলায়। পান মশলার বিজ্ঞাপনে যুক্ত থাকার অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে আইনি নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। অভিযোগ প্রমাণিত হলে ভোক্তা সুরক্ষা আইনের আওতায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারেন তারা।
গত ১১ আগস্ট পাঠানো নোটিশে তিন তারকাকে অবিলম্বে নিষিদ্ধ তামাকজাত পণ্যের প্রচার বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের নিজ নিজ অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট বিজ্ঞাপন, ভিডিও বা প্রচারণামূলক কনটেন্ট সরিয়ে ফেলতে বলা হয়েছে।
মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অভিযোগ, এলাচের বিজ্ঞাপনের আড়ালে নিষিদ্ধ তামাকজাত পান মশলার প্রচার করা হচ্ছে। জনপ্রিয় তারকাদের ব্যবহার করে এসব পণ্যের প্রতি বিশেষ করে তরুণদের আকৃষ্ট করা হচ্ছে বলেও দাবি প্রশাসনের।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180149
নোটিশে আরও বলা হয়েছে, বিজ্ঞাপনে ব্যবহৃত প্রতীক, সংলাপ ও উপস্থাপনার মাধ্যমে দর্শকদের বিভ্রান্ত করার সুযোগ রয়েছে। তারকাদের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্ষতিকর নেশাজাতীয় পণ্যের প্রতি পরোক্ষভাবে উৎসাহ তৈরি করা হচ্ছে— এমন অভিযোগও উঠেছে।
আইনি নোটিশ পাওয়ার পর শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে নিজেদের বক্তব্য জানাতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে তাদের বিরুদ্ধে ভোক্তা সুরক্ষা আইনের আওতায় ব্যবস্থা নেয়া হতে পারে। সে ক্ষেত্রে গুনতে হতে পারে বড় অঙ্কের জরিমানাও।
মুম্বাইয়ে তিন তারকার বাসভবন ও কার্যালয়ের ঠিকানায় ইতোমধ্যেই আইনি নোটিশ পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে।
মহারাষ্ট্রে গুটকা ও বিভিন্ন তামাকজাত পান মশলার ওপর দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা রয়েছে। ফলে জনপ্রিয় তারকাদের মাধ্যমে এসব পণ্যের সরাসরি বা পরোক্ষ প্রচার নিয়ে প্রশাসনের নজরদারি নতুন করে আলোচনায় এসেছে।