প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
বিনোদন ডেস্ক : দেশীয় ব্যান্ডসংগীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর, এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী, গিটারবাদক ও সুরকার আইয়ুব বাচ্চু। যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সংগীত দাঁড়িয়েছে, তাদের একজন ছিলেন তিনি।
নব্বইয়ের দশকে বাংলা ব্যান্ড সংগীতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বড় ভূমিকা রাখে এলআরবি। আইয়ুব বাচ্চুর কণ্ঠ, গিটারবাদন ও সুরের স্বাতন্ত্র্য তাঁকে দ্রুতই আলাদা পরিচিতি এনে দেয়। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে মঞ্চ মাতিয়েছেন তিনি। তাঁর গিটারবাদনের অনন্য দক্ষতার কারণেই সংগীতপ্রেমীদের কাছে তিনি পরিচিতি পান ‘গিটার জাদুকর’ হিসেবে। শুধু ব্যান্ড সংগীত নয়, চলচ্চিত্রের গানেও ছিল তাঁর শক্তিশালী উপস্থিতি।
‘চলো বদলে যাই’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘কেউ সুখী নয়’, ‘ফেরারি এই মনটা আমার’, ‘এক দিন ঘুমভাঙা শহরে’, ‘বাংলাদেশ’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘এই রুপালি গিটার ফেলে’, ‘গতকাল রাতে’ ও ‘সেই তারাভরা রাতে’, ‘মেয়ে তুমি কি দুঃখ চেনো’, ‘সাড়ে তিন হাত মাটি’, ‘উড়াল দেব আকাশে’, ‘কত দিন দেখেনি দুচোখ’, ‘মনে আছে নাকি নাই’, ‘কার কাছে যাব’, ‘লোকজন কমে গেছে’, ‘একটাই মন যখন-তখন’, ‘এক আকাশের তারা তুই একা গুনিস নে’, ‘মন চাইলে মন পাবে’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘আমি তো প্রেমে পড়িনি’ ও ‘আম্মাজান’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আইয়ুব বাচ্চু।
১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামে জন্ম নেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর তাঁর মৃত্যু না হলে আজকের এই দিনে ৬৪ বছর পূর্ণ করতেন বাংলার এই রকস্টার। তিনি না থাকলেও তার রেখে যাওয়া হাজারো ভক্ত অনুরাগীরা তাঁকে স্মরণ করছেন, তাঁর জন্মদিনে নিজেদের মতো করে উদযাপন করছেন।
মুত্যুর আট বছর পরও গান ও সুরের জাদুতে শ্রোতাদের মাঝে অমলিন আইয়ুব বাচ্চু। রবিবার (১৬ আগস্ট) তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রয়াত এই গিটার কিংবদন্তীর ২০টি কালজয়ী গান নতুন সংগীতায়োজনে প্রকাশ পাচ্ছে।
‘উত্তরাধিকার’ নামে বিশেষ অ্যালবামে দেশের ৮টি উদীয়মান ব্যান্ড ও ১২ জন একক শিল্পী গেয়েছেন গানগুলো। অ্যালবামটি ডাবল সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ হবে বলে জানা হেছে।
কবাল আসিফ জুয়েলের মাস্টারিংয়ে তৈরি অ্যালবামে থাকছে ‘চলো বদলে যাই’, ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘গতকাল রাতে’, ‘চাঁদ মামা’, ‘অচেনা জীবন’, ‘মাধবী’, ‘বাংলাদেশ’সহ আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান। তবে ‘উত্তরাধিকার’ শুধু স্মরণ আয়োজন নয়। অ্যালবাম বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ ব্যয় করা হবে বহুল প্রতীক্ষিত ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের তহবিলে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180143