শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিশেষ শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে সকালে মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই মামলায় গ্রেপ্তার আরও দুই আসামিসহ মোট ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। এদিন সকালে কারাগারে থাকা ১১ আসামির মধ্যে ডা. দীপু মনিসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ১৬ আগস্ট দিন ধার্য করেছিলেন। সেই ধারাবাহিকতায় রবিবার মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180134