যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের চুক্তি সই
আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ক চুক্তি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই শনিবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘায়েই বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল রুট নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের বাধার মধ্যেই ইরান ও ওমান তিন সপ্তাহ ধরে এ ইস্যুতে আলোচনা করেছে। সেই আলোচনার ফলাফল এ চুক্তি। যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে একটি চুক্তি হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প এই বক্তব্য দেওয়ার ২৪ ঘণ্টার মাথায় ওমানের সঙ্গে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ক চুক্তি স্বাক্ষরের তথ্য নিশ্চিত করলেন ইসমাইল বাঘায়েই। শনিবারের সাক্ষাৎকারে তিনি বলেছেন, চুক্তির খসড়া তৈরি ও স্বাক্ষরে ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ কর্তৃপক্ষও চুক্তির আলোচনায় অংশ নিয়েছে। এ ইস্যুতে এখনও ইরান কিংবা ওমান সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বাঘায়েই বলেছেন, চুক্তিতে কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়েছে এবং সেসব নিয়ে আলোচনা-মতবিনিময় চলছে। আশা করা হচ্ছে, শিগগিরই বিষয়গুলোর মীমাংসা হবে। তারপরেই আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারটি প্রকাশ করা হবে।
দেফা প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বাঘাই জোর দিয়ে বলেন, ইরান ও ওমানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি হলো দুই উপকূলীয় রাষ্ট্রের মধ্যে একটি স্বাধীন চুক্তি, যার লক্ষ্য উভয় দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা। তবে তিনি স্বীকার করেছেন যে, চুক্তিটি পুনরায় কার্যকর এবং হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক হওয়া নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ কার্যকলাপ’, সামরিক হুমকি ও নৌ অবরোধের অবসান এবং গত দুই মাসে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ প্রদানের ওপর। সূত্র : আনাদোলু এজেন্সি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180118