২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে শেষ দিনে দুই প্রার্থীর পক্ষে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ রোববার (১৬ আগস্ট) এসব মনোনয়নপত্রের যাচাই-বাছাই শুরু হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে দাখিল করা হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের জন্য বৃহস্পতিবার (১৩ আগস্ট) ৪টা পর্যন্ত শেষ সময় ছিল। বিকেল ৪টা পর্যন্ত আমরা তিনটা মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র পেয়েছি। আর কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র পেয়েছি।
তিনি বলেন, তাদের মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কি না, তা আজ যাচাই-বাছাই করা হবে। এই যাচাই-বাছাইয়ে আমাদের সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা আসবেন এবং ওনাদের স্বাক্ষরগুলো ভেরিফিকেশন করবেন।
তিনি জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত। ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180113