মেসির মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে শীর্ষে ন্যাশভিল
স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে ন্যাশভিল এসসি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির মায়ামির সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে দলটি।
রোববার (১৬ আগস্ট) ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্কে মুখোমুখি হয় দুই দল। লিগস কাপে টানা তিন ম্যাচ দল ঘুরিয়ে খেলানোর পর মায়ামির বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামেন ন্যাশভিল কোচ বিজে ক্যালাহান। মাঠের পারফরম্যান্সে কোচের আস্থার প্রতিদানও দিয়েছে তার দল।
ম্যাচের ১৭ মিনিটে এলিয়াস সাদের ক্রস থেকে হেডে গোল করে ন্যাশভিলকে এগিয়ে দেন অ্যান্ডি নাজার। এরপর মায়ামির সামনে সমতায় ফেরার সুযোগ আসে। ২৩ মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু লিওনেল মেসির স্পটকিক ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান শোয়া।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে মায়ামিকে সমতায় ফেরান তেলাসকো সেগোভিয়া। মেসির পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ফলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির মাত্র দুই মিনিট পরই ন্যাশভিলকে আবারও এগিয়ে দেন হানি মুখতার। এরপর ৫০তম নিয়মিত মৌসুমের গোল করে ন্যাশভিলের ব্যবধান বাড়ান স্যাম সারিজ। ক্রিস্টিয়ান এস্পিনোজার নিচু ক্রস থেকে দারুণ ফ্লিকে লক্ষ্যভেদ করেন তিনি।
৬৩ মিনিটে মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোর ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মুখতার। বক্সের অনেক বাইরে উঠে এসে বল নিয়ন্ত্রণ করতে গিয়ে পিছলে পড়েন মায়ামি গোলরক্ষক। সুযোগ বুঝে ফাঁকা জালে বল পাঠিয়ে ন্যাশভিলের জয় কার্যত নিশ্চিত করেন মুখতার।
লিওনেল মেসিকে মাঠে নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি,দেখেছেন হলুদ কার্ড। পেনাল্টি মিস করার পর বাকি সময়েও তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেননি তিনি।
ন্যাশভিলের বিপক্ষে আগের ১২ ম্যাচে ১৬ গোল ছিল মেসির। তবে এবার সেই দুর্দান্ত রেকর্ডও মায়ামিকে রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এই জয়ে ঘরের মাঠে টানা পঞ্চম জয় পেল ন্যাশভিল। চলতি মৌসুমে জিওডিস পার্কে এখনো অপরাজিত দলটি। অন্যদিকে, এই হারে মায়ামির ঘুরে দাঁড়ানোর লড়াই আরও কঠিন হয়ে গেল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180112