নাটোরের সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মেসার্স তানিয়া পোল্ট্রি ফিড এন্ড চিকস্ ফার্মেসীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্রিজে সংরক্ষিত ভ্যাকসিন, বিভিন্ন ধরণের ওষুধ, ফিড ও মুরগির বাচ্চাসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যাকসিন সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মাসুদ রানা জানান, দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও কষ্টের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। হঠাৎ আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরণের ক্ষতির মুখে পড়েছেন।
গত ২০১৬ সালেও গভীর রাতে তার একটি ফার্মে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। আগুন লাগার খবর পেয়ে প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180085