নওগাঁর মহাদেবপুরে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আবাসিক এলাকায় হাঁসের খামার গড়ে তোলায় পরিবেশ দূষণসহ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এলাকাবাসী। এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার।
স্থানীয়রা জানায়, মহাদেবপুর মধ্যবাজারের বাসিন্দা মৃত আমির মন্ডলের ছেলে মো. ইভান মন্ডল কিছুদিন আগে খাজুর ইউনিয়নের বিলমোহাম্মদপুর গ্রামে আবাসিক এলাকায় একটি হাঁসের খামার গড়ে তোলেন। ঘনবসতিপূর্ণ এলাকায় খামারটি গড়ে তোলায় সেখান থেকে প্রতিনিয়ত তীব্র ও অসহ্য দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
স্থানীয়রা স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষজন রয়েছেন চরম স্বাস্থ্যঝুঁকিতে। গ্রামবাসী ইভান মন্ডলকে খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানালে তিনি তা কর্ণপাত করেননি। জনস্বাস্থ্যের সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে খামারটি আবাসিক এলাকা থেকে দ্রুত অপসারণের দাবি জানান তারা।
হাঁসের খামারের মালিক ইভান মন্ডল বলেন, হাঁসগুলো মাঠেই থাকত। সম্প্রতি খামারে নিয়ে আসা হয়েছে। খামারের প্রাচীর না থাকায় কিছুটা দুর্গন্ধ ছড়াচ্ছিল। এখন রাস্তার পাশে প্রাচীর দিয়ে দেওয়া হয়েছে, আর কোনো সমস্যা নেই। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180083