লালমনিরহাটে শিক্ষক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাটে শিক্ষক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত রহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর হাতির ঝিলের নয়াটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এরপর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতারকৃত রহিদুল ইসলাম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, মাদক, জুয়া, বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। এর ধারাবাহিকতায় লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম নিজ গ্রামের মাদক ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অবস্থান নেন। এজাহারে অভিযোগ করা হয়, রহিদুল ইসলামের নেতৃত্বে গন্ধমরুয়া গ্রামে একটি অনলাইন জুয়া পরিচালিত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে শিক্ষক আরিফুল সংশ্লিষ্টদের ডেকে এসব কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান।

অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানোর কথা বলেন তিনি। এর জের ধরে গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে রহিদুলের নেতৃত্বে কয়েকজন আরিফুলের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় আরিফুলের বাবা আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে গত ২ আগস্ট আদিতমারী থানায় রহিদুলকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার ৮ আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেলেও রহিদুল পলাতক ছিলো।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180082