নাটোরের বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৮ ঘন্টা পর পুকুর থেকে তাসিম (১২) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৬টায় বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল তার মরদেহ উদ্ধার করে। তাসিম উপজেলার বনপাড়া মৃধাপড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ও সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকাল দশটায় তাসিম বাড়ি থেকে বের হয়। কিন্তু দীর্ঘসময় পরেও বাড়িতে না পৌঁছালে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে স্বজনেরা উপজেলা পরিষদের পুকুর পাড়ে ঘুরাঘুরি ও পুকুরে কতিপয় ছেলের সাথে গোসল করার খবর পায়। পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি স্থানীয়রা।
পরে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। সাঁতার না জানার কারণে তাসিমের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, তাসিমের মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় লাশ স্বজনদের হেফাজতে দেয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180078