হিলিতে পুলিশি অভিযানে ৭ মাসে গ্রেফতার ৪৫২
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরের হিলিতে পুলিশের ধারাবাহিক অভিযানে গত ৭ মাসে ৪৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। হাকিমপুর থানা সূত্রে জানা যায়, গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ আগস্ট পর্যন্ত মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে ৮৬টি মামলা করা হয়েছে।
এসব মামলায় মাদকসেবন ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন সময়ে মোট ৪৫২ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। এর মধ্যে মাদক মামলায় ২৪২ জন এবং মাদক সেবনের অভিযোগে ২১০ জনকে গ্রেফতার করা হয়।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার অনেক। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সাঁড়াশি অভিযানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজে মাদকবিরোধী সভা ও সেমিনার করা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে নিতে কেউ সুপারিশ বা তদবির করলে তাকেও আইনের আওতায় আনা হবে।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ্ বলেন, শুধু খুচরা বিক্রেতা বা সেবনকারীদের আটক নয়, মাদক সরবরাহে মূল হোতাদের শনাক্ত করাই পুলিশের অন্যতম লক্ষ্য। তবে মাদক নিয়ন্ত্রণে সচেতন সমাজকেও এগিয়ে আসতে হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180070