লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্য গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজায় সাবেক সংসদ সদস্য মো: মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরফ কামাল গ্রামের মো: সোহরাব হোসেন, বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের মো: আলামিন, পাবনার সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মো: আমিনুল ইসলাম এবং রংপুরের কোতোয়ালী থানার রামপুরা এলাকার প্রাইভেটকারচালক মো: মাসুদ পারভেজ মাসুদ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, মানবপাচার ও চুরিসহ একাধিক মামলা এবং বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত মুলতবি ওয়ারেন্ট রয়েছে। তারা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। এ ঘটনায় হাতীবান্ধা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যপারে কথা হলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুজ্জামান সরকার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা ও ওয়ারেন্টের তথ্য পাওয়া গেছে। ডাকাতির প্রস্তুতির সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180060