শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়ে শাহজালালের মাজারে চিঠি

শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়ে শাহজালালের মাজারে চিঠি

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনাকে ‘মৃত্যুর মুখ’ থেকে রক্ষা এবং তার হায়াত বাড়ানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের ‘ষড়যন্ত্রমূলক মামলা’ থেকে শেখ হাসিনাকে এবং ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেফাজতের আবেদন জানানো হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় মাজার প্রাঙ্গণে ৩টি ডেগ ও ৩টি বড় দানবাক্স খোলার পর প্রকাশ্যে টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। প্রশাসন ও সর্বসাধারণের উপস্থিতিতে ৩০ জন স্বেচ্ছাসেবী দানবাক্স ও ডেগের টাকা গণনায় অংশ নেন।

চিঠির লেখক হিসেবে ‘সজিব’ নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। চিঠিতে নিজেকে গাজীপুর জেলার বাসিন্দা এবং সিলেট আওয়ামী লীগের সমর্থক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

চিঠিতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তিনি লেখেন, ‘হে আল্লাহ তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন।’ এরপর ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জুলাইয়ের মামলা থেকে শেখ হাসিনা এবং হত্যা মামলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেফাজতের জন্য প্রার্থনা করা হয়।

এদিন ডেগ ও দানবাক্সে বিপুলসংখ্যক টাকার পাশাপাশি আরও কয়েকটি চিঠি পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে এসব চিঠি লেখা হয়েছে।

এর মধ্যে ‘হেনা’ নামের এক নারীর লেখা চিঠিও নজর কেড়েছে। স্বামীকে বিপথ থেকে ফিরিয়ে আনতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি। একই সঙ্গে যারা তার স্বামীকে বিপথে নিয়েছে তাদের বিচার এবং পৃথিবী থেকে মাদকদ্রব্য নিশ্চিহ্ন করার জন্যও প্রার্থনা করেন।

এদিকে বিপুলসংখ্যক টাকা থাকায় দানবাক্স ও ডেগের টাকা গণনা শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180053