রাজশাহীর বাঘায় আগুনে নিঃস্ব তিন পরিবার

রাজশাহীর বাঘায় আগুনে নিঃস্ব তিন পরিবার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে টাকা, স্বর্ণালঙ্কাার, ধান-চাল, গম, পাট, পেঁয়াজ, রসুন, টেলিভিশন, ফ্রিজ, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নূরুল হক নূরুর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সাতটি সেমিপাকা টিনশেড ঘর, তিনটি গোয়ালঘর ও তিনটি রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বস্ব হারিয়ে পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- নূরুল হক নূরু এবং তার তিন ছেলে ইমদাদুল হক, শরিফুল হক ও সাজেদুল হকের পরিবার।

তারা একই বাড়িতে বসবাস করেন এবং পৃথকভাবে ব্যবসা ও গবাদিপশু পালন করেন। স্থানীয়দের ধারণা, নূরুল হক নূরুর গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঘা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ইনচার্জ মিনহাজুল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে গতকাল শুক্রবার রাতেই বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং বাঘা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাঘা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পেরেছেন। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180051