বগুড়ার নন্দীগ্রামে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবা ও চার পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় পৌর এলাকার মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নন্দীগ্রাম পৌর এলাকার দক্ষিণপাড়ার জিয়াউল হক রুবেল ড্রাইভার (৪৬) ও পূর্বপাড়ার কাশমীর আলী (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে জিয়াউল হক রুবেলের কাছ থেকে ৪১ পিস ইয়াবা ও ১৬ হাজার টাকা এবং কাশমীর আলীর কাছ থেকে ৪২ পিস ইয়াবা ও চার পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, মাদক বিক্রির খবর পেয়ে মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের নন্দীগ্রাম থানা থকে বগুড়া কোর্টে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180045