দিনাজপুরের কাহারোলে পাটের উৎপাদন ভালো হওয়ায় পাট চাষিরা খুশি

দিনাজপুরের কাহারোলে পাটের উৎপাদন ভালো হওয়ায় পাট চাষিরা খুশি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে চলতি পাট মৌসুমে পাটের উৎপাদন ভালো হওয়া এবং পাটের মূল্য পেয়ে চাষিরা খুশি। উপজেলার ৬টি ইউনিয়নের বর্তমানে মাঠ জুড়ে চলছে পাট কাটা, খাল-বিল, ডোবা, পুকুরের পানিতে পাট গাছ জাগ দেওয়া, ধোয়া ও রোদ্রে শুকানোর কাজ ও হাট-বাজার গুলোতে পাট বিক্রি চলছে উৎসাহ মুখর পরিবেশের মধ্য দিয়ে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, পাট চাষিরা তাদের স্বপ্নের ফসল পাট নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। চাষিরা এ বছর পাট চাষাবাদ করে খুশি হয়েছেন। বাজারে অন্য বছরের তুলনায় এবছর পাটের মূল্য বেশি। এর ফলে পাটের মূল্য ভালো থাকায় উৎপাদন খরচ বাদ দিয়ে লাভের মুখ দেখছেন চাষিরা।

আজ শনিবার (১৫ আগস্ট) কাহারোল হাটে প্রতি মণ পাট বিক্রি হয়েছে ৪ হাজার ৫শ’ টাকা থেকে ৪ হাজার ৮শ’ টাকার মতো। উপজেলার রসুলপুর ইউনিয়নের কেউটপাড়া গ্রামের পাট চাষি কৃষক অরুন চন্দ্র রায় জানান, আমি আজ শনিবার (১৫ আগস্ট) কাহারোল হাটে সাড়ে ৪ মণ পাট বিক্রি করে ২১ হাজার ৬শ’ টাকা পেয়েছি। এবছর ১ বিঘা জমিতে পাট চাষ করে খরচ বাদ দিয়ে ১৭ হাজার টাকা লাভ হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বিভিন্ন জাতের পাট চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৬০ হেক্টর জমিতে। এবার পাটের ভালো উৎপাদন(ফলন) হয়েছে বলে দাবি করছেন কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহিদুর রহমান বলেন, কৃষকদের পাট চাষের ক্ষেত্রে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়েছে।

কৃষকদেরকে পাট চাষে বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অত্র উপজেলার কৃষকদের পাট চাষের জন্য বিভিন্ন ধরণের পরামর্শ দিয়ে আসছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180043