ঝিনাইদহ সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ঝিনাইদহ সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির পক্ষ থেকে ই-মেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৬১/১২-আর এলাকায় অবস্থিত গেট দিয়ে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন।

এ সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় বিজিবি বিষয়টি টের পায়। পরে বিজিবি চার অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে।

বিজিবি জানায়, ওই চারজন বর্তমানে সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি ঘন কলাবাগানের মধ্যে অবস্থান করছেন। বিষয়টি ইতিমধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। 

এ বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তৎপরতা অব্যাহত রেখেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180018