নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধসহ গ্রেপ্তার ২, আহত ৩ পুলিশ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধসহ গ্রেপ্তার ২, আহত ৩ পুলিশ

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। এসময় জসিম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

পরে তাকে ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানাধীন তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

 এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন– ফতুল্লা থানার ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।

আহত তিন পুলিশ সদস্য হলেন- উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক, নন্দন চন্দ্র সরকার ও পুলিশ সদস্য রাশেদুল।

পুলিশ সূত্রে জানা যায়, আরবান স্কুলের সামনে মাদক কারবারিদের অবস্থানের খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় জসিম, মোহনসহ ৭-৮ জনকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সদস্যদের লক্ষ্য করে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি ছোড়ে তারা।

এসময় আত্মরক্ষার্থে অভিযানে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক ও নন্দন চন্দ্র সরকার পাল্টা গুলি ছোড়েন। তখন জসিমের উরুতে গুলি লাগে। পরে পুলিশ তাকে ও মোহনকে আটক করে।

গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশের অভিযানের সময় মাদক কারবারিদের পক্ষ থেকে গুলি ছোড়া হলে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/180015