আব্রাহাম লিংকনের বদলে মধ্যপ্রাচ্যে যাচ্ছে জর্জ ওয়াশিংটন

আব্রাহাম লিংকনের বদলে মধ্যপ্রাচ্যে যাচ্ছে জর্জ ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের বদলে মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরেকটি বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন।

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে মোতায়েন থাকা লিংকনের নাবিকদের পরিবারগুলোর মধ্যে সম্প্রতি উদ্বেগ তৈরি হয়েছে। জাহাজে খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। ২০২৫ সালের নভেম্বরে লিংকনকে মোতায়েন করা হয়েছিল। প্রথমে এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছিল। পরে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে জাহাজটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।

গত সপ্তাহে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিবের সঙ্গে এক বৈঠকে নাবিকদের পরিবারের সদস্যরা জানতে চান, লিংকন কবে দেশে ফিরবে। তবে নিরাপত্তার কারণে বিমানবাহী রণতরির চলাচলের নির্দিষ্ট সময় সাধারণত প্রকাশ করে না মার্কিন নৌবাহিনী। নৌবাহিনীর সচিব হাং কাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, পরিকল্পিত রোটেশনের অংশ হিসেবে লিংকন শিগগিরই দেশে ফিরবে। দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থানের কারণে লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকজন পরিবারের সদস্য জানিয়েছেন, একাধিক নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা ভেবেছিলেন। তবে নৌবাহিনী এই দাবির সঙ্গে পুরোপুরি একমত নয়। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজে আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা বেড়েছে; এমন কোনো তথ্য তারা পায়নি। বরং মোতায়েনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের ঘটনা কমেছে।

চলতি মাসের শুরুতে লিংকনের একজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে পড়ে যান। পরে তাকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। কীভাবে তিনি পানিতে পড়ে গেলেন, তা এখনো তদন্ত করছে নৌবাহিনী। এছাড়া গত এপ্রিল মাসে লিংকনের সঙ্গে থাকা একটি ডেস্ট্রয়ার থেকেও একজন নাবিক পানিতে পড়ে গিয়েছিলেন। তাকেও দ্রুত উদ্ধার করা হয়। নাবিকদের মানসিক সহায়তা বাড়াতে লিংকনে অতিরিক্ত সমাজকর্মী ও কাউন্সেলর পাঠানো হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনী।

জাহাজে খাবার ও অন্যান্য সরবরাহ নিয়েও অভিযোগ উঠেছে। এক নাবিকের পরিবারের সদস্য জানান, মোতায়েনের শুরুর দিকে নতুন সরবরাহ আসতে দেরি হওয়ায় কিছু সময় খাবারের ঘাটতি ছিল। তবে পরে সেই সমস্যা সমাধান হয়েছে। নৌবাহিনীও কিছু সরবরাহে বিলম্বের কথা স্বীকার করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে প্রচলিত সরবরাহ কেন্দ্রগুলো বাধাগ্রস্ত হওয়ায় জাহাজে কিছু সামগ্রী পৌঁছাতে দেরি হয়েছে। তবে বর্তমানে লিংকনে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্বাস্থ্যকর খাবার রয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

লিংকনের পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরাও পেন্টাগনের কাছে তথ্য চেয়েছেন। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল জাহাজের পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, লিংকনের পরিস্থিতি নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদন ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’। তার দাবি, প্রতিটি জাহাজ, নাবিক ও কমান্ডারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে জাপানের ইয়োকোসুকা ঘাঁটিতে থাকা ইউএসএস জর্জ ওয়াশিংটন গত মে মাসে প্রশান্ত মহাসাগরে টহলের জন্য যাত্রা করে। চলতি সপ্তাহে এটিকে মালাক্কা প্রণালি দিয়ে পশ্চিম দিকে যেতে দেখা যায়। মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর জর্জ ওয়াশিংটন সেখানে থাকা আরেক মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে যুক্ত হবে।

সূত্র: সিবিএস নিউজ

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179989