মান-অভিমান ভুলে ফের একজোট ট্রাম্প-মাস্ক

মান-অভিমান ভুলে ফের একজোট ট্রাম্প-মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক আবারও উষ্ণ হতে শুরু করেছে। রাজনৈতিক মতবিরোধ পেছনে রেখে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ে অন্তত ১০ কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছেন মাস্ক।

গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে করে চীন সফরে গিয়েছিলেন মাস্ক। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ যাত্রাপথে দুজনের মধ্যে আন্তরিক আলোচনা হয়। টেসলার কারখানা সম্প্রসারণ ও মহাকাশ কর্মসূচির পাশাপাশি কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখতে বিপুল অর্থ ব্যয়ের বিষয়েও কথা হয়।

অথচ কয়েক মাস আগেও তাদের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছিল। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে প্রায় ৩০ কোটি ডলার ব্যয় করেছিলেন মাস্ক। পরে তিনি হোয়াইট হাউসের সরকারি ব্যয় কমানোর উদ্যোগে যুক্ত হন। কিন্তু মন্ত্রিসভার সদস্যদের কাজে হস্তক্ষেপের অভিযোগসহ নানা বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এমনকি মাস্কের সরকারি চুক্তি বাতিলের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প।

পর্দার আড়ালে দুই পক্ষের দূরত্ব কমাতে ভূমিকা রাখেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেপ্টেম্বরে অধিকারকর্মী চার্লি কার্কের স্মরণসভায় ট্রাম্প ও মাস্কের পুনর্মিলন হয়। মাস্কের অপছন্দের কর্মকর্তা সার্জিও গোরকে ভারতে রাষ্ট্রদূত করা এবং তার মিত্র জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রধান করার সিদ্ধান্তও সম্পর্ক স্বাভাবিক করতে ভূমিকা রাখে।

বর্তমানে ট্রাম্প ও মাস্ক মাসে অন্তত একবার কথা বলছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করছেন। তবে ট্রাম্প মনে করেন, আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক হয়তো আর ফিরবে না। অন্যদিকে মাস্কও জানিয়েছেন, রাজনীতিতে আগের মতো সক্রিয়ভাবে জড়াতে চান না।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179966