১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন
১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
র্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। জেলার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনীর টহল শুরু হয়। রাতেও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ টহল অব্যাহত থাকে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
এদিকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথই বন্ধ রাখা হয়েছে। কমপ্লেক্সের চারপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
সমাধিসৌধ এলাকায় পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি আট প্লাটুন আর্মড পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179965