বিদ্যমান অবকাঠামো স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ: ময়মনসিংহে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
সারা দেশে নতুন করে বাড়তি অবকাঠামো তৈরি না করে বিদ্যমান ক্রীড়া স্থাপনাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ ‘দ্য স্পোর্টিভা’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৬ বছর পর খেলাধুলাকে একটি আধুনিক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতেই বর্তমান সরকার এসব যুগান্তকারী উদ্যোগ হাতে নিয়েছে।
বক্তব্যে তিনি জানান, ১০ থেকে ১৪ বছরের কিশোর-কিশোরীদের ক্রীড়া ক্ষেত্রে যুক্ত করে তৃণমূল পর্যায় থেকে উদীয়মান প্রতিভাদের তুলে নিয়ে আসাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে প্রথম আসরটি প্রধানমন্ত্রী সিলেট থেকে একযোগে ৬৪টি জেলায় উদ্বোধন করেছিলেন, যা গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে ১০টি ইভেন্ট সামনে রেখে আগামী দ্বিতীয় আসরের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে এই নিবন্ধন কার্যক্রম সচল রাখতে তিনি জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওদের প্রতি বিশেষ আহ্বান জানান।
একইসঙ্গে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ৪,৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ প্রস্তুত করার কথা পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। জমি অধিগ্রহণ বেশ ব্যয়বহুল হওয়ায় নির্ধারিত ৮ বিঘার চেয়ে কিছুটা ছোট জমি হলেও তা মাঠ হিসেবে প্রস্তুত করতে তিনি এমপি ও জেলা প্রশাসকদের উদ্যোগ নিতে অনুরোধ জানান, যাতে আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ নিশ্চিত করা সম্ভব হয়। বক্তব্যের শেষ পর্যায়ে ময়মনসিংহকে নারী ক্রীড়াবিদদের উর্বর ক্ষেত্র হিসেবে উল্লেখ করে ধোবাউড়ার কলসিন্দুরের মেয়েদের প্রশংসায় ভাসান প্রতিমন্ত্রী।
তিনি জানান, দ্রুতই প্রধানমন্ত্রী তাঁর বাসভবন যমুনায় সাফ বিজীয় নারী ফুটবল দল, নারী হকি দল, ক্রিকেট দল এবং 'নতুন কুঁড়ি স্পোর্টসে'র পুরস্কৃত কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179936