মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে বোলাররা জয়ের ভিত গড়ে দিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে সেটি পূর্ণতা দিলেন ব্যাটাররা। দুই বিভাগে দাপট দেখিয়ে মালয়েশিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল।
শেখ পারভেজ জীবনের টানা দ্বিতীয় পাঁচ উইকেট আর দেবাশিষ সরকার দেবা ও আহরার আমিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে এসেছে এই সিরিজ জয়। ঢাকার বসুন্ধরা স্পোর্টিং কমপ্লেক্সে শুক্রবার (১৪ আগস্ট) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মালয়েশিয়াকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কালাম সিদ্দিকী আলীনের দল।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ১৭৬ রানেই থামে মালয়েশিয়ার ইনিংস। যদিও ওপেনার আসলাম খান বিন মালিক একাই লড়াই চালিয়ে যান। ১০৭ বলে ১০ চার ও ৪ ছক্কায় খেলেন ১০০ রানের দারুণ ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে সাইফ উল্লাহ মালিকের ব্যাট থেকে। আজব খান করেন ১৭। বাকি কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি।
বাংলাদেশের হয়ে আবারও আলো ছড়ান শেখ পারভেজ জীবন। আগের ম্যাচের মতো এবারও পাঁচ উইকেট শিকার করেন এই পেসার। ৮ ওভারে ২৩ রান দিয়ে ২ মেডেনসহ ৫ উইকেট নেন তিনি। রাহিন আহমেদ ও স্বাধীন ইসলাম দুটি করে উইকেট ভাগ করে নেন।
১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শূন্য রানে ফেরেন ওপেনার আদিল বিন সিদ্দিক। অপর প্রান্তে ইকবাল হোসেন ২৬ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।
তবে সেই চাপ সামাল দেন দেবাশিষ সরকার দেবা ও আহরার আমিন। দুজনের দায়িত্বশীল জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। দেবাশিষ ৪১ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন, আর আহরার ৭৬ বলে অপরাজিত ৫৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
৩১.৫ ওভারেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। মালয়েশিয়ার হয়ে বিজয় উন্নি ও প্রশান্ত মধুকর দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান সাঈদ আজিজ, আরিফ উল্লাহ ও বিশ্বরুবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179920