অ্যাথলেটিকোতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা
স্পোর্টস ডেস্ক : টটেনহ্যামের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের অধ্যায়ের ইতি টেনে নতুন ঠিকানায় পাড়ি জমাতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্তিয়ান রোমেরো। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে ইতোমধ্যে মাদ্রিদে পৌঁছেছেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার।
ইতালিয়ান দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো বৃহস্পতিবার (১৩ আগস্ট) জানান, টটেনহ্যামের অনুমতি নিয়ে গত রাতে এজেন্টকে সঙ্গে করে মাদ্রিদের উদ্দেশে উড়াল দেন রোমেরো। অ্যাথলেটিকোতে যোগ দেওয়ার আগে শুক্রবার তার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
রোমেরোকে পেতে টটেনহ্যামকে ৪ কোটি ইউরো দেবে অ্যাথলেটিকো মাদ্রিদ। চুক্তির বিভিন্ন শর্ত পূরণ হলে এর সঙ্গে অতিরিক্ত অর্থ যোগ হবে। ভবিষ্যতে রোমেরোকে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করা হলে সেই অর্থের ১৫ শতাংশও পাবে টটেনহ্যাম।
দুই ক্লাবের মধ্যে দলবদল নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। অ্যাথলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের অন্যতম লক্ষ্য ছিল রক্ষণভাগ শক্তিশালী করা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই রোমেরোকে দলে টানছে স্প্যানিশ ক্লাবটি।
মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাথলেটিকোর সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করবেন রোমেরো—বিভিন্ন প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
২০২১ সালে ইতালির আতালান্তা থেকে টটেনহ্যামে যোগ দেন রোমেরো। পরে ক্লাবটির অধিনায়কও হন তিনি। তার নেতৃত্বে ২০২৫ সালে ইউরোপা লিগের শিরোপা জেতে টটেনহ্যাম।
আর্জেন্টিনা জাতীয় দলেরও নিয়মিত সদস্য রোমেরো। তার সময়ে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপের শিরোপা জেতে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179860