ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্কইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত সহজে থামার নয়—এমন ইঙ্গিত দিয়ে যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো মেয়াদ পর্যন্ত টেনে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। তেহরানে হামলার জন্য ওয়াশিংটনকে ‘চড়া মূল্য’ দিতে বাধ্য করাই তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির প্রভাবশালী এই কর্মকর্তা ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির ঘনিষ্ঠ সহযোগী। মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএসকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে নাকদি বলেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অভিজ্ঞতাও তত বাড়বে। গত পাঁচ মাসের সংঘাত থেকে তারা কীভাবে লড়াই করতে হয়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানে যৌথ বিমান হামলা চালালে পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ে। ওই হামলায় তৎকালীন ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরানি বাহিনী।

যুদ্ধ ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চালিয়ে নেওয়াই মূল লক্ষ্য কি না—এমন প্রশ্নের জবাবে নাকদি বলেন, এমন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে কোনো শত্রু ইরানে হামলার সাহস না পায়। তার মতে, এর একটি উপায় হলো যুদ্ধকে ট্রাম্পের মেয়াদের শেষ দিন, অর্থাৎ ২০২৯ সালের ২০ জানুয়ারি পর্যন্ত দীর্ঘায়িত করে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়া।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ ইরানে হামলা চালানোর কথা ভাবলে যেন বুঝতে পারে, এর জন্য তাকে বড় মূল্য দিতে হবে।

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে কি না—এমন প্রশ্নে নাকদি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি এমন পদক্ষেপ নেয়, তাহলে তা দেশটির জন্য মারাত্মক ভুল হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179859