৮ পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন

৮ পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন

আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানশাসিত কাশ্মীরে নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যে নির্বাচনি দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের আট সদস্যকে অপহরণের অভিযোগ উঠেছে। নিষিদ্ধ সংগঠন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) সদস্যরা তাদের অপহরণ করে হেফাজতে রেখেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে আজাদ কাশ্মীর পুলিশের মুখপাত্র খাওয়ার আলী শওকত এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালিয়ে আট পুলিশ সদস্যকে অপহরণ করা হয়। তাদের ওপর নির্যাতন এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

খাওয়ার আলী শওকত বলেন, সহিংসতা ও অপকর্মের মাধ্যমে রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষতি বা তাদের পরিবারের ওপর হুমকি অব্যাহত থাকলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। একই সঙ্গে সাধারণ মানুষকে উসকানিমূলক কর্মকাণ্ড ও নিষিদ্ধ সংগঠনটির প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

পুলিশের এই মুখপাত্রের দাবি, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে জেএএসি শান্তিপূর্ণ সংগঠন নয়। সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করার চেষ্টা করছে তারা। অধিকার আদায়ের নামে সহিংস কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি। তার ভাষ্য, পাকিস্তান রাষ্ট্র কখনো দুর্বল ছিল না, এখনো নয় এবং পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্র সবসময় সংযম দেখিয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ নির্বাচনে অংশ নিয়ে বুঝিয়ে দিয়েছেন যে নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন নিয়ে বিরোধের জেরে গত কয়েকদিন ধরে অঞ্চলটিতে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভ চলছে। এর মধ্যেই নির্বাচনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অপহরণের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179848