প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি রিমান্ডশেষে গাজী সালাউদ্দিন কারাগারে

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি রিমান্ডশেষে গাজী সালাউদ্দিন কারাগারে

কোর্ট রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর কটুক্তিমুলক ও মানহানিকর তথ্য পোষ্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে গ্রেফতারকৃত আসামি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর (৪২)কে পুলিশ রিমান্ড শেষে কারাগারে প্রেরন করা হয়েছে। 

এই মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এস আই মাসুদুর রহামান ওই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত গত ১০ আগস্ট তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার বগুড়া সদর আমলী আদালতে হাজির করা হয়। এরপর আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান তাকে কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার  বিএনপি’র সভাপতি  এইচ, এস মাফতুন আহমেদ খান কর্তৃক বগুড়া সদর থানায় ওই আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয় যে, গত  ২৯ জুলাই বিকেল ৩ টায় বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পান যে, এনসিপি’র যুগ্ম সদস্য সচিব (বর্তমানে অব্যাহতি প্রাপ্ত)  গাজী সালাউদ্দিন  তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্যে করে মানহানিকর ও উস্কানিমুলক মন্তব্য পোষ্ট করেছেন।

পরে ওই আসামিকে ঢাকার মিরপুর মনিপুরি পাড়ার একটি বাড়ি থেকে পুলিশ গত ৫ আগস্ট ভোরে গাজী সালাউদ্দিন  তানভীরকে গ্রেফতার করে ওই দিন দুপুরের দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এরপর আদালত আসামিকে হাজতি পরোয়ানা মুলে কারাগারে প্রেরনের আদেশ দেন।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179828