চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে প্রান গেল মাদরাসাছাত্রীর

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে প্রান গেল মাদরাসাছাত্রীর

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর শহরের ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে সামান্য পূর্ব পাশে পৌঁছালে তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তায়েবা নিহত হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহত তায়েবা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।
তার রোল নম্বর ৫৬ এবং শিক্ষাবর্ষ ২০২৬-২৭। পরিচয়পত্রে তার বাবা তাজুল ইসলাম ও মা আমেনা বেগমের নাম উল্লেখ রয়েছে।
খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের অভিভাবকেরা থানায় আসেন।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বলেন, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার অভিভাবকেরা থানায় এসেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179809