বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর জেলা প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক করতোয়া ৫১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে গাজীপুরে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

বুধবার (১২ আগস্ট) বেলা ২টায় আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি গাজীপুর মহানগরের রাজবাড়ীসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর সিটি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে গাজীপুর সিটি প্রেসক্লাবে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার গাজীপুর জেলা প্রতিনিধি ও গাজীপুর সিটি প্রেসক্লাবের সহসভাপতি বেলায়েত শেখ। সঞ্চালনা করেন সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও তরুণদের মধ্যে জনপ্রিয় আতাউর রহমান মোল্লা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল, ভোরের দর্পণ-এর গাজীপুর জেলা প্রতিনিধি রিমিন আক্তার, দৈনিক কণ্ঠবালী-এর সম্পাদক ও প্রকাশক জানে আলম, গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, জেলা রিপোর্টার্স ফোরামের নির্বাহী সদস্য ও গ্রীন টিভির গাজীপুর জেলা দক্ষিণ প্রতিনিধি কাজী শাকিল, দৈনিক বাংলাদেশ সমাচার-এর স্টাফ রিপোর্টার মো. হাসান আলী, ডেইলি পোস্ট-এর গাজীপুর জেলা প্রতিনিধি মো. আফজাল হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক গণতদন্ত-এর গাজীপুর জেলা প্রতিনিধি মো. হাইউল উদ্দিন খান, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর সাব-এডিটর শহীদ সরকার, বঙ্গবাজার-এর সম্পাদক ও প্রকাশক আখতারুজ্জামান, সাপ্তাহিক বিবেক-এর সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মোল্লা বলেন, “উত্তরবঙ্গের সাংবাদিকদের আইকন দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোজাম্মেল হক লালু সাহেবের দীর্ঘ ৫১ বছরের পরিশ্রম এবং কোটি মানুষের ভালোবাসার ফসল আজকের করতোয়া।”

তিনি বলেন, “আমি দৈনিক করতোয়ার নিয়মিত একজন পাঠক। সাংবাদিক বেলায়েত শেখের আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে করতোয়া ও ভোরের দর্পণ পত্রিকার প্রবীণ সম্পাদক মোজাম্মেল হক লালু সাহেব সম্পর্কে কিছু বলতে পেরেছি, তাতেই আমি আনন্দিত।”

এ সময় তিনি দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক মোজাম্মেল হক লালুসহ করতোয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমে পত্রিকাটির অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে পাঠকের আস্থা ও ভালোবাসা নিয়ে করতোয়া তার পথচলা অব্যাহত রেখেছে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

পরে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদ্‌যাপন করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179803