বগুড়ায় সিটি কর্পোরেশনের বকেয়া ভাড়া আদায়ে অভিযান
শহর প্রতিনিধি : দীর্ঘদিন ভাড়া বকেয়া রাখার অভিযোগে বগুড়ায় সপ্তপদী মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করেছে বগুড়া সিটি কর্পোরেশন। আজ বুধবার (১২ আগস্ট) বিকেলে মার্কেটের তৃতীয় তলার দক্ষিণ পাশের মোবাইল মার্কেটে বকেয়া ভাড়া আদায়ের অভিযানের সময় ১০টি দোকানে তালা দেওয়া হয়। ৭টি দোকানের ব্যবসায়ীরা তৎক্ষণাত ভাড়া পরিশোধ করেন।

অভিযান শেষে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গির আলম দৈনিক করতোয়াকে জানান, বগুড়া পৌরসভার মালিকানাধীন থাকা সময় থেকে শুরু করে বর্তমানে সিটি কর্পোরেশন সময়ের জুলাই পর্যন্ত সপ্তপদী মার্কেট, পৌর এ্যাডওয়ার্ড মার্কেট এবং ফল মার্কেটের বকেয়া ভাড়া আদায়ের নোটিশ দেওয়া হয়। গত সপ্তাহেও মৌখিক সতর্ক করা হয় ভাড়া পরিশোধ করার জন্য।
আর পরেিশাধ না করলে চলতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোন দিন অভিযান পরিচালনা করে বকেয়া ভাড়া আদায় করা হবে বলে জানানো হয়। অনাদায়ী থাকলে দোকানে তালা দেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, অভিযান চলাকালীন ৭টি দোকান থেকে বকেয়া ভাড়া বাবদ তিন লাখ সাতান্ন হাজার দুইশত আশি টাকা আদায় করেন। আর ১০টি দোকানের পাওনা রয়েছে বাইশ লাখ সাঁইত্রিশ হাজার চার শত বিশ টাকা।
ভাড়া পরিশোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করলে তাদের দোকান আবারও খুলে দেওয়া হবে। মার্কেটটির ৪১ নম্বরের একটি দোকানে আট লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশ” ছিয়াশি টাকা অনাদায়ী রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়াও সিটি কর্পোরেশনের অন্যান্য মার্কেটের বকেয়া ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পৌর এ্যাডওয়ার্ড মার্কেটের ৪৬টি দোকান থেকে ২৪লাখ এবং ফল মার্কেটের ১০টি দোকান থেকে ১১লাখ টাকা আদায় করা হয়।
ফল মার্কেটের ৩টি দোকান তাদরে বকেয়া ভাড়া পুরোপুরি পরিশোধ করেছেন। অন্যদোকানগুলোর পরিচালকদের আগামী অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত তাদের অঙ্গীকারনামা ও আবেদনের ভিত্তিতে এই সময় বর্ধিত করা হয়েছে। যাচাই বাছাই করে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গির আলমের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের হাট-বাজার পরিদর্শক আব্দুল হাই, র্যাব ১২’র সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের নিজস্ব গার্ডবাহিনী এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179757