জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত লাভের আশায় ইউরিয়া সার খাওয়ানোর পর গরুর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত লাভের আশায় ইউরিয়া সার খাওয়ানোর পর গরুর মৃত্যু

পাঁচবিবি, (জয়পুরহাট) প্রতিনিধি : অতিরিক্ত লাভের আশায় গরুকে ইউরিয়া সার খাওয়ানোর পর জয়পুরহাটের পাঁচবিবিতে একটি গরু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও ২টি। এর মধ্যে ১টি জবাই করা হয়েছে, অন্যটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন স্থানীয় পশু চিকিৎসক।

গতকাল মঙ্গলবার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর মন্ডলপাড়া গ্রামের আসমান হোসেনের ছেলে জাহিদ হাসানের খামারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খামারি জাহিদ হোসেন গরু দ্রুত মোটাতাজা করার জন্য তার পালিত ৩টি বাছুর গরুকে ইউরিয়া সার খাওয়ান। কিছুক্ষণের মধ্যেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। ঘটনাস্থলেই ১টি মারা যায়। বাকি ২টির অবস্থা গুরুতর হলে ১টি জবাই করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. মিরাজুল ইসলাম বলেন, বেশি লোভ করলে যা হয় তাই হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী বলেন, অসুস্থ যেকোনো পশুর মাংসই মানবদেহের জন্য ক্ষতিকর। অসুস্থ গরু জবাই করা ঠিক হয়নি।

মোটাতাজাকরণে ইউরিয়া সার খাওয়ালে পশুর মৃত্যুঝুঁকি থাকে ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। তিনি খামারিদের এ ধরনের ঝুঁকিপূর্ণ পদ্ধতি পরিহার করে বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের পরামর্শ দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179739