কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আজিবর রহমান (২৩) নামে এক যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার দিনগত রাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা সংলগ্ন ভারতীয় সীমান্ত ঘেষা এলাকা থেকে বিএসএফ তাকে আটক করে। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে চোরাচালানির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি সীমানা পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ভারতীয় ভূখন্ডে প্রবেশ করে। এসময় তারা ভারতের জলজলি ক্যাম্পের টহলরত বিএসএফের সামনে পড়লে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজিবর বিএসএফের হাতে ধরা পরে। আজিবরকে ফিরিয়ে আনতে পশ্চিম ঢলডাঙ্গা বিজিবি ক্যাম্প ও জলজলি ক্যাম্প বিএসএফের মধ্যে আইনি প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম ২২-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখন্ডে প্রবেশ করলে বিএসএফ সেখানে তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179664