বগুড়ায় নকল তালমিছরি কারখানায় অভিযান : ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নকল তালমিছরি কারখানায় অভিযান : ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় এক নকল ও অস্বাস্থ্যকর তালমিছরি কারখানায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পঁচা ও পোকাযুক্ত প্রায় ১০ মণ মিছরি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় ও র‌্যাব-১২ বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানসূত্রে জানা যায়, বৃন্দাবন পাড়া (দক্ষিণপাড়া) এলাকার পূজা মিছরি কারখানায় অবৈধভাবে টেক্সটাইল রং মিশিয়ে শিশুদের তালমিছরি তৈরি করা হচ্ছিল। এ ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাতাসা ও সাদা মিছরি তৈরি, নকল মোড়ক ব্যবহার এবং পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ পঁচা ও পোকাযুক্ত মিছরি সংরক্ষণ করতে দেখা যায়।

এসব অপরাধে কারখানা কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয়। সেই সঙ্গে জব্দকৃত আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিছরি নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি দল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের কর্মচারীবৃন্দ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179657