লালপুরে সাবেক প্রতিমন্ত্রী পটলের দশম মৃত্যুবার্ষিকী পালিত
নাটোরের লালপুরে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও সাবেক সমাজকল্যাণ, যুব-ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর বিএনপির আয়োজনে শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
এসময় বাবার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি। বাবা শুধু আমাদের পরিবারের অভিভাবক ছিলেন না, তিনি ছিলেন নাটোরের অসংখ্য মানুষের আপনজন।
মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে কাজ করাকে বাবা রাজনীতির দায়িত্ব মনে করতেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, নাটোর জজ কোর্টের সরকারী কৌশুলী এড. রুহুল আমিন তালুকদার টগর, লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যপক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি নেতা ফজলুর রহমান পটল নাটোর-১ আসন থেকে তিনবার সংসদ-সদস্য নির্বাচিত হয়ে সমাজকল্যাণ, যুব-ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।
২০১৬ সালের ১১ আগস্ট কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে তিনি মারা যান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179654