বগুড়া স্টেশন রোডে অবৈধ সিএনজি স্ট্যান্ড : উচ্ছেদ হয়ে আবারো ফিরছে আগের জায়গায়, ভোগান্তিতে নগরবাসী

বগুড়া স্টেশন রোডে অবৈধ সিএনজি স্ট্যান্ড : উচ্ছেদ হয়ে আবারো ফিরছে আগের জায়গায়, ভোগান্তিতে নগরবাসী

শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের সড়কে যানজট নিরসনে সিটি কর্পোরেশনের নিয়মিত উচ্ছেদ অভিযান চললেও সমাধান মিলছে না। অভিযান শেষ হওয়ার পরপরই আগের অবস্থানে ফিরছে ভ্রাম্যমাণ দোকানীরা। এসব ভ্রাম্যমাণ দোকানীদের পাশাপাশি যানজটের অন্যতম আরও একটি কারণ হলো স্টেশনরোডে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ড।

ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন এই সড়ক ব্যবহারকারী মানুষ। মহানগরের তিনমাথা থেকে কাহালু, মালঞ্চা, দূর্গাপুর, আদমদীঘি, তালোড়া, কন্দুগ্রামসহ বিভিন্ন এলাকার যাত্রীরা সিএনজি ও মিনিবাসে এই সড়কে যাতায়াত করেন। এই পথে রেলস্টেশনের সামনে ও মিতালী পাম্প সংলগ্ন মার্কেটের সামনের সড়ক জুড়ে গড়ে উঠেছে দোকান, মিনি বাস-ট্রাক স্ট্যান্ড এবং যানবাহন মেরামতের ওয়ার্কসপ।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, বিগত সরকারের সময় এখানে সিএনজি চালিত অটো রিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। এখনো প্রশাসন তা সরাতে পারছে না। সিএনজির কারণে সড়কে জমে থাকা ধুলা-কাদা নিয়মিত পরিষ্কারও করতে পারছেন না সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।

বগুড়া সিটি কর্পোরেশনের হাটবাজার পরিদর্শক আব্দুল হাই বলেন, ২০২৪ সালের পর যানজট নিরসনে তৎকালীন পৌরসভা স্টেশনরোডের সিএনজি স্ট্যান্ডের ইজারা বাতিল করে এবং একাধিকবার ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। যথাযথ নির্দেশনা পেলে সিটি কর্পোরেশন পুনরায় অভিযান চালাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179651