বগুড়ায় ট্রান্সফরমার চুরি ও ডাকাতি মামলার আসামি শপিনের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার: বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি এবং ডাকাতির পৃথক মামলায় গ্রেফতারকৃত হাজতি আসামি আন্তজেলা চোর ডাকাত দলের সদস্য শিপন সিকদার (৩৩)-এর জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।
সে শিবগঞ্জ উপজেলার ছাতরা দক্ষিণ পাড়ার রহিম সিকদারের ছেলে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার পৃথক দুইটি মামলায় হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার ভালুকখালী গ্রামের শাহাজুল ইসলাম কর্তৃক দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে যে, তার বাড়ির অদূরে গত ১৮ মার্চ দিবাগত রাতে তার রাইস মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরেরা চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে শাহাজুল ইসলাম তার রাইস মিলে দেখতে পান যে, তার মিলের ওই তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।
শিবগঞ্জ থানার এসআই মঞ্জয় কুমার কুন্ডু গত ২২ মার্চ ওই আসামি শপিন সিকদারকে গ্রেপ্তার করে তার দেখানো মতে ছাতরা ঘোষপাড়ায় একটি পুকুরপাড়ে লতাপাতা ও ঘাস দিয়ে লুকানো অবস্থায় ওই বৈদ্যুতিক ট্রান্সফরমার কাটা অবস্থায় উদ্ধার করেন।
অপরদিকে কাহালু উপজেলার কুসলিহার গ্রামের সোহাগ হোসেন কর্তৃক দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে যে, পাইকড়ের বোনবোনাই বাজারে গত ২ মার্চ রাত ২টার দিকে ডাকাত দল পিকআপ গাড়ি নিয়ে প্রবেশ করে ২ জন পাহারাদারসহ ৩ জনকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে রেখে তার কীটনাশক ও গ্যাস সিলিন্ডারের দোকান হতে নগদ টাকা, কীটনাশক ও গ্যাস সিলিন্ডারসহ ২ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার মালামাল এবং আব্দুস সালামের তোজাম ফ্যাশন হাউজ কসমেটিক্স দোকান হতে বিভিন্ন ধরনের কাপড়সহ ১০ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে পিকআপ যোগে ডাকাতি করে নিয়ে যায়।
এই মামলায় পুলিশ ওই আসামিকে গ্রেফতার করে। আসামির দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাট থানা, মিঠাপুকুর থানা, পাঁচবিবি থানা, শিবগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৭ টি মামলা রয়েছে। মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে পিপি এড. মো. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. আব্দুস সালাম রানা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179650