বিমানের টিকিটে ৫০ শতাংশ ছাড় পাবেন জুলাই যোদ্ধা-শহীদ পরিবারের সদস্যরা

বিমানের টিকিটে ৫০ শতাংশ ছাড় পাবেন জুলাই যোদ্ধা-শহীদ পরিবারের সদস্যরা

জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) আওতাধীন সব হোটেল-মোটেল ও অন্যান্য সেবায় ৩৬ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জুলাইযোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং তাদের ভ্রমণের জন্য বিমানভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই যোদ্ধাদের জন্য বিমানভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

মঙ্গলবার (১১ আগস্ট ) অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা’ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।

অনুষ্ঠানে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা পর্যটন করপোরেশনের আওতাধীন সব হোটেল-মোটেলসহ বিভিন্ন সেবায় ৩৬ শতাংশ ছাড় পাবেন। তাঁদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পর্যটন করপোরেশন কাজ করবে। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাঁচজন করে মোট ১০ জন জুলাইয়ের আন্দোলনের স্মৃতিচারণ করেন। তারা আন্দোলনের সময়ের বিভিন্ন ঘটনা, ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন ও সম্মান দিতে হবে। শুধু একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে জুলাইয়ের স্মৃতিকে সীমাবদ্ধ রাখলে হবে না; শহীদ ও আহতদের পরিবারের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। আমাদের ছোট ছোট সন্তানরা দেশপ্রেম কী, দেশকে কীভাবে ভালোবাসতে হয় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কীভাবে আন্দোলন করতে হয়—জুলাইয়ের আন্দোলন থেকে এসব শিক্ষা পেয়েছে। তাই আমাদের এই ইতিহাস চিরদিন মনে রাখতে হবে।’

মন্ত্রী বলেন, ‘যিনি তার স্বজনকে হারিয়েছেন, তার পরিবার কীভাবে চলবে, তার সন্তানরা কীভাবে বড় হবে—সেটা আমাদের ভাবতে হবে। যিনি স্বামী হারিয়েছেন, তার কর্মসংস্থানের ব্যবস্থা কীভাবে করা যায়, আর যে বাবা সন্তান হারিয়েছেন, তার পরিবারের জীবনযাপন কীভাবে চলবে—এসব বিষয়ও আমাদের বিবেচনায় নিতে হবে।’

জুলাইযোদ্ধাদের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে চাকরির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যোগ্যতা অনুযায়ী জুলাই যোদ্ধাদের ওই বিজ্ঞপ্তিতে আবেদন করার আহ্বান জানান তিনি।

জুলাইযোদ্ধাদের জন্য বিমানভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার কথাও জানান আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘৩৬ শতাংশ ছাড়ের যে প্রস্তাব দেওয়া হয়েছে, আমি তার সঙ্গে একমত। এটি জুলাইযোদ্ধাদের প্রাপ্য। তারা যেখানে যেতে চান, সেখানে যাওয়ার সুযোগ থাকা উচিত। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে যেতে তাঁদের বিমানভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার বিষয়েও আমরা কাজ করব। জুলাই যোদ্ধাদের জন্য বিমানভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহমান সাকি বলেন, ‘জুলাইয়ের আন্দোলন হঠাৎ করে তৈরি হয়নি। দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে জনগণের মধ্যে বৃহত্তর ঐক্যের ভিত্তি তৈরি হয়েছিল। একটি দেশে যখন জনগণের উত্থান ঘটে, তার পেছনে দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের ইতিহাস থাকে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, নিপীড়ন, হামলা ও হত্যার কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179644