পঞ্চগড়ে মসজিদের ইমামের নাম তালিকাভুক্তিতে টাকা দাবি, বিএনপি নেতাকে অব্যাহতি
পঞ্চগড় প্রতিনিধি: মসজিদের ইমাম-মুয়াজ্জিনের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেয়ার বিনিময়ে টাকা দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পঞ্চগড়ে বিএনপির এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযোগের পর সরেজমিন তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় পঞ্চগড় সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় সব কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে পঞ্চগড় সদর উপজেলা বিএনপি।
গত সোমবার রাতে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান বাবু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আব্দুল খালেকের বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। তাই পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হল।
অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর ইউনিয়নের মোলানি পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও সানি ইমাম মো. হাসনুর রশিদ দীর্ঘদিন ওই মসজিদে দায়িত্ব পালন করে আসছেন। সরকারের পক্ষ থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেয়ার উদ্যোগের কথা জানতে পেরে মসজিদ কমিটির সাথে আলোচনা করেন তিনি। কমিটির পক্ষ থেকেও তালিকায় তার নাম পাঠানোর আশ্বাস দেওয়া হয়। অভিযোগকারী হাসনুর রশিদের দাবি, মসজিদের দুই মুসল্লি মো. আব্দুল খালেক ও মো. আইবুল হক তার নাম তালিকাভুক্তির জন্য প্রথমে ৩০ হাজার টাকা দাবি করেন। পরে ১০ হাজার টাকা দিলেই তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।
এ বিষয়ে সাময়িক অব্যাহতি পাওয়া আব্দুল খালেক বলেন, আমাকে হাসনুর রশিদ নিজে বলেন, আমাকে নিয়োগ দিলে আমি মসজিদে ৩০ হাজার টাকা দিব। তাকে নিয়োগ না দেয়ায় তিনি এসব মিথ্যা অভিযোগ করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179642