বাংলাদেশের বিপক্ষে সিরিজকে অনিশ্চয়তায় ফেলল ভারত

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে অনিশ্চয়তায় ফেলল ভারত

স্পোর্টস ডেস্ক :  ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লিতে হবে ম্যাচ তিনটি।

এসিবির এই আনুষ্ঠানিক ঘোষণার পর কার্যত ভারতের বাংলাদেশ সফরের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আগে ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ আয়োজনের সূচি নির্ধারণ করেছিল। কিন্তু আফগানিস্তান-ভারত সিরিজ শুরুই হচ্ছে ১৩ সেপ্টেম্বর থেকে। এতে ওই সময় ভারতের বাংলাদেশে থাকার কোনো সম্ভাবনা থাকল না।

বাংলাদেশ সিরিজ শুরুর সম্ভাব্য তারিখের আর মাত্র তিন সপ্তাহ বাকি। ফলে শেষ মুহূর্তে দুই দেশের সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশনা না এলে ভারতের বাংলাদেশ সফর এখন প্রায় বাতিল বলেই ধরে নেওয়া হচ্ছে।

তবে এসিবি জানিয়েছে, সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেয়নি। কিন্তু অংশীদার ও সম্প্রচার-সংশ্লিষ্টদের প্রস্তুতির সুবিধার্থে সূচি ও ভেন্যু নিশ্চিত করে চিঠি দিয়েছে তারা।

তিন ম্যাচের এই সিরিজের মিডিয়া স্বত্ব রয়েছে আইটিডব্লিউ ইউনিভার্সের কাছে। জানা গেছে, ভারতের টেলিভিশন সম্প্রচার স্বত্বের জন্য জিওস্টার, সনি স্পোর্টস ও জি ইউনাইটএইটের সঙ্গে আলোচনা চলছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্প্রচারকারী চূড়ান্ত হওয়ার কথা। ডিজিটাল স্বত্ব রয়েছে ফ্যানকোডের কাছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179638