চাকরি ছেড়েও রেহাই নেই! এয়ার ইন্ডিয়ার বিদায়ী সিইওকে তলব
আন্তর্জাতিক ডেস্ক : চাকরি ছাড়ার ঘোষণা দিলেও শেষ রক্ষা হচ্ছে না এয়ার ইন্ডিয়ার বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাম্পবেল উইলসনের। সাম্প্রতিক একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি এবং নিরাপত্তা সংক্রান্ত নানা জটিলতার জেরে তাকে তলব করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের সদর দপ্তরে তাকে তলব করা হয়। ভারতের আকাশ পরিবহন সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচ্চপর্যায়ের এক বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে ১৭ জন যাত্রী ও ক্রু সদস্য আহত হন।
প্রাথমিক পর্যায়ে একে সাধারণ ঝাঁকুনি বলা হলেও পরে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন একে গুরুতর ঘটনা হিসেবে চিহ্নিত করে। ঘটনার তদন্তভার এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর কাছে হস্তান্তর করা হয়েছে।
ল্যান্ডিংয়ের পর নিয়ম অনুযায়ী দুই পাইলটেরই সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স স্ক্রিনিং করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার রিপোর্ট কনফার্ম করার জন্য ল্যাব টেস্টে পাঠানো হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত দুই পাইলটকে গ্রাউন্ডেড বা ডি-রোস্টার করা হয়েছে।
টাটা গ্রুপের মালিকানাধীন এই এয়ারলাইনসে সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনা ও অব্যবস্থাপনা দেখা গেছে। আহমেদাবাদ-লন্ডন প্লেন দুর্ঘটনার পর থেকেই তীব্র নিয়ন্ত্রক ও প্রশাসনিক চাপের মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া।
এদিকে, ক্যাম্পবেল উইলসন পদত্যাগ করায় এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের সাবেক প্রধান তেওয়াল্ডে গেব্রেমারিয়াম। আগামী ৩০ সেপ্টেম্বর দায়িত্ব ছাড়বেন উইলসন।
সূত্র: ইন্ডিয়া টুডে
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179610