বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে উত্তীর্ণ মাত্র ৮, ফেল ২৪
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত লেভেল-২ কোচিং কোর্সে অংশগ্রহণকারী প্রার্থীর দুই-তৃতীয়াংশেরও বেশি অকৃতকার্য হয়েছেন। পরীক্ষায় অংশ নেওয়া মোট ৩২ জন প্রার্থীর মধ্যে মাত্র ৮ জন সফলভাবে উত্তীর্ণ হয়ে লেভেল-২ কোচিং সনদ অর্জনের যোগ্যতা লাভ করেছেন। অর্থাৎ বাকি ২৪ জন প্রার্থীই এ পরীক্ষায় পাস করতে পারেননি।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে গত ১৫ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বিশেষ কোচিং কোর্সটি শুরু হয়। ছয় দিনব্যাপী চলে ২০ জুলাই সমাপনী মূল্যায়নের মাধ্যমে শেষ হয় এই কোর্স। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ মাস্টার এডুকেটর বিনোদ কুমার দাস প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন।
কোর্সে অংশগ্রহণকারী ৩২ প্রার্থীর মধ্যে ১০ জনই ছিলেন সাবেক ক্রিকেটার। যার মধ্যে পুরুষ জাতীয় দলের তিনজন ও নারী জাতীয় দলের দুজন সাবেক সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। এ ছাড়া বিসিবির নিজস্ব কোচ এবং মাঠপর্যায়ের বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিশ্রুতিশীল প্রার্থীরা এতে অংশ নেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179608
বিসিবির প্রকাশিত চূড়ান্ত ফলাফলে সফলভাবে উত্তীর্ণ ৮ জন কোচ হলেন-
মো. তারিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসাইন, মো. রায়হান উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. শাহীন হোসাইন, তারেক বিন দেলোয়ার।
আধুনিক ফুটপ্রিন্ট ও ক্রিকেটের গতিপ্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে দেশীয় কোচদের তাত্বিক ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোই ছিল এই প্রশিক্ষণের প্রধান লক্ষ্য। বিসিবি সূত্রে জানা যায়, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের দক্ষ কোচ তৈরির মাধ্যমে দেশের কোচিং কাঠামো শক্তিশালী করতে এ ধরনের কঠোর মূল্যায়নপ্রক্রিয়া অব্যাহত থাকবে। উত্তীর্ণ কোচরা দেশের তৃণমূল থেকে উচ্চপর্যায় পর্যন্ত বিভিন্ন ক্রিকেটীয় কাঠামোয় দায়িত্ব পালনের সুযোগ পাবেন।