বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন বিভাগ, বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শুধু কর্মসূচির অংশ হিসেবে গাছ লাগালেই হবে না, সেগুলো যাতে বেড়ে ওঠে, সেদিকেও নজর দিতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179579