রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি
আজ মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে, বেলা ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) এ বৈঠক শুরু হয়।
নুরুল ইসলাম মনি জানান– বিএনপি সব সময় যোগ্য এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকেই মনোনয়ন দেওয়া হবে, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন। এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত।
চিফ হুইপ জানান, ৭০ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী ভোট হবে। ভোটগ্রহণ হবে সংসদের মধ্যে। সংসদ সদস্যরা তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ফলাফলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে।
তিনি আরও জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179573