কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২
আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটিতে অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। শত শত মানুষ আহত হয়েছেন এবং ধসে পড়া ভবনের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকাল ৭টা ৩৪ মিনিটে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চোকো প্রদেশে এবং গভীরতা প্রায় ১০৩ কিলোমিটার। পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কয়েকশ কিলোমিটার দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও অনুভূত হয়েছে।
কফি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত পেরেইরা শহর ও আশপাশের এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানি ও ধ্বংসের খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিজ জানিয়েছে, ভূমিকম্প ও পরবর্তী কম্পনে ৪৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রাজধানী বোগোটাতেও গাছ ও ট্রাফিক সিগন্যাল ব্যাপকভাবে কেঁপে ওঠে। কয়েকটি ভবনে ফাটল দেখা গেলেও এখন পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন। এর ফলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যার মধ্যে বাজেট পুনর্বণ্টনের সুযোগও রয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, প্রায় ১৫ লাখ মানুষ ৭ মাত্রার কাছাকাছি কম্পন অনুভব করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179555