রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ১২৪ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, গোয়েন্দা বিভাগে ৩ জন এবং সিটিটিসির অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, পাঁচটি ককটেলসদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।