সন্তানের অসুস্থতার কারণে আদালতে যেতে পারেননি পরীমনি, শুনানি পেছালো
টিকা দেওয়ায় জ্বর হওয়া ও সন্তানের জন্মদিনের কারণে আদালতে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমণি। এ কারণে তার বিরুদ্ধে করা রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে।
সোমবার (১০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম শুনানির তারিখ পিছিয়ে ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।
মামলার অপর দুই আসামি হলেন, পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর সেই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন পরীমণি। উচ্চ আদালত থেকে মামলাটি পুনরায় অভিযোগ গঠন শুনানির আদেশ দেন।
জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। ওই বছরের ৩১ আগস্ট মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।
একই বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর মামলাটি বিচারের জন্য বদলি হয়ে এই আদালতে আসেন।