ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে অপতথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।

বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগে এনটিআরসিএর মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এনটিআরসিএকে বাদ দিয়ে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে শিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর মধ্যেই শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করা হলো।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179542