কুড়িগ্রামের উলিপুরে বিষপানে তরুণীর আত্মহত্যা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ঘাস মারা বিষপানে হাসি খাতুন (১৯) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। আটদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার দলদলিয়া ইউনিয়নের চর রতিদেব গ্রামে স্বামীর বাড়িতে ঘরে রাখা ঘাস মারা বিষপান করেন হাসি খাতুন। বিষপানের পর তিনি বিষয়টি তার স্বামীর ভাবীকে জানান এবং তাঁকে বাঁচানোর জন্য অনুরোধ করেন।
পরে তার ভাবী আশপাশের লোকজনকে ডেকে আনেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনেরা তাকে দ্রুত কাউনিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসি খাতুনের স্বামী মো. জাহেদুল ইসলাম চর রতিদেব গ্রামের মো. আব্দুল হকের ছেলে। তাদের স্থায়ী ঠিকানা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ গ্রামে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179539