বগুড়ার শেরপুরে এসএসসি ও দাখিল ফলাফল বিপর্যয়, দুটি মাদ্রাসার কেউ পাস করেনি

বগুড়ার শেরপুরে এসএসসি ও দাখিল ফলাফল বিপর্যয়, দুটি মাদ্রাসার কেউ পাস করেনি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে এবারের দাখিল ও এসএসসি সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয় হয়েছে। উপজেলার ৪৭টি স্কুল থেকে ৩৪১১ পরিক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ২৩৬২ জন, জিপিএ ৫ পেয়েছে ৩৯৯ জন, পাশের হার ৬৯.২০ শতাংশ।

আর ৪১টি মাদরাসা থেকে ১১৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ৪৯৯জন, জিপিএ৫ পেয়েছে ১৯ জন, পাশের হার ৫৫.৪৯ শতাংশ, এছাড়াও ৯টি কারিগরি স্কুল থেকে ২৮৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে পাশ করেছে ১৪২ জন, জিপিএ৫ পেয়েছে ১ জন, পাশের হার ৫৮.২০ শতাংশ।

দুটি মাদ্রাসার কোনো পরীক্ষার্থীই পাস করেনি। অন্যদিকে বরাবরের মতই এবারো ফলাফলে শীর্ষস্থান দখল করেছে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় উপজেলার কল্যাণী বালিকা দাখিল মাদ্রাসা থেকে ৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই ফেল করেছে।

একইভাবে মধ্যভাগ ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২ জন শিক্ষার্থীর ২ জনই ফেল করেছে। ফলে প্রতিষ্ঠান দুটিতে পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। এ ছাড়াও আরও কয়েকটি মাদ্রাসার ফলাফলেও ছিল করুণ চিত্র। বেলগাছি মুসতি দেওয়ান দাখিল মাদ্রাসা থেকে ২২ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ২ জন। আর মির্জাপুর দাখিল মাদ্রাসা থেকে ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হতে পেরেছে মাত্র ৪ জন।

মাধ্যমিক পর্যায়ে (এসএসসি) মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে সর্বনিম্ন ফলাফল করেছে মির্জাপুর ইউনিয়নের ভাদড়া উচ্চ বিদ্যালয়ের পাসের হার মাত্র ৩৪.৬৯। তবে বিপরীত চিত্র দেখা গেছে উপজেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে। শতভাগ পাসের সাফল্য অর্জনের মাধ্যমে উপজেলায় শীর্ষস্থান দখল করেছে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ১০০)।

দ্বিতীয় স্থানে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ, যাদের পাসের হার ৯৯.২০, ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় ৯৭.৩৭, সামিট স্কুল এন্ড কলেজের পাসের হার ৯৪.৬৮।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, মাদ্রাসার শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক শিক্ষার্থীকে জোর তাগিদ দেওয়া হয়েছে। কিন্ত বিষয় হল যারা অবহেলিত শিক্ষার্থী তাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/179535